তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার

বাংলাদেশ সরকারতিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। শেষ হবে বৃহস্পতিবার। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন, ‘সম্মেলনের উদ্দেশ্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কর্তৃক সরকারের নীতি, দর্শন, প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ এবং মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের অবহিত করা। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন শুরু হবে। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনার ও ডিসিদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন।’
তিনি আরও বলেন, ‘এবারের সম্মেলনে মোট ২২টি অধিবেশন ও ১৮টি কার্য অধিবেশন থাকবে। অধিবেশনে সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ গ্রহণ করবে। এসব অধিবেশনে দিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। সম্মেলনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রীপরিষদ সচিব।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবারের সম্মেলনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৪৯টি প্রস্তাব পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘২৬ জুলাই বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির দিক নির্দেশনা গ্রহণ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। আর ২৭ জুলাই মন্ত্রিপরিষদ সভাকক্ষের অধিবেশনে দিক নির্দেশনা দেবেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।’

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: তারিক সালমনের বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদের তদন্ত কমিটি