সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন,‘আগস্ট মাস শোকের মাস। আমরাও শোকের মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রীকে ১৫ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তথ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’
সারাদেশের জাতীয় প্রেসক্লাব,ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের কোনও অনুষ্ঠানে তথ্যমন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,‘ওয়েজবোর্ডের ঘোষণা দেওয়া ছাড়া আপনার অন্য কোনও পথ খোলা নেই। প্রধানমন্ত্রী চান সাংবাদিকদেরকে মর্যাদা দিতে। আর তথ্যমন্ত্রী চান ৫৭ ধারা বহাল রাখতে।’
তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নয়। যারা সরকারকে বিব্রত করতে চায় তাদেরকে নজরে আনা।’
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন,‘আমাদের দাবি একটাই তথ্যমন্ত্রীর পদত্যাগ। সাংবাদিক সমাজ তাকে আর চায় না। কাগজে কলমে তিনি সচিবালয়ে বসে থাকলেও সাংবাদিক সমাজ তাকে বয়কট করেছে। কারণ তিনি ৫৭ ধারার পক্ষে কথা বলেছেন।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন,‘গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত তথ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের প্রাণের দাবি নবম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। যেসব প্রতিষ্ঠানের মালিকেরা নবম ওয়েজ বোর্ডের বিরোধিতা করছে প্রয়োজনে তাদের অফিসও ঘেরাওকরা হবে। আমরা যে আন্দোলনে নেমেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুছ আফ্রাদ সাংগঠনিক সম্পাদক শাহাজান মিয়া, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলসহ অনেকে।
/আরএআর/এসটি/