ইসিকে সাংবিধানিক দায়িত্ব পালনের পরামর্শ সুশীল সমাজের

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে সুশীল সমাজের পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা ও ‘না’ ভোট দেওয়ার বিধান পুনরায় চালুর পরামর্শ দিয়েছেন।
সোমবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি বাদে সংলাপ চলে। এতে সুশীল সমাজের ৩০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
কমিশন সূত্রে জানা গেছে, সংলাপে অংশ নেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে ৫৯ জনকে দাওয়াত দেওয়া হয়। তবে কয়েকজন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ও কয়েকজন বিদেশে থাকার কারণে সংলাপে অংশ নিতে পারেননি। এছাড়া ২-৩ জন প্রতিনিধি প্রত্যাশামতো কথা বলতে পারবেন না, এ আশঙ্কায় সংলাপে অংশ নেননি। তারা ইসিকে চিঠি দিয়ে এ বিষয় জানিয়েছেন।

সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি সংলাপে দেওয়া সুশীল সমাজের নানা পরামর্শের কথা তুলে ধরে বলেন, ‘আমরা সুশীল সমাজসহ অন্য যাদের সঙ্গে সংলাপ করবো,  আগামী জানুয়ারিতে  তাদের পরামর্শ প্রতিবেদন আকারে সরকার ও রাজনৈতিক দলের কাছে সরবরাহ করবো।’

তিনি আরও বলেন, ‘সংলাপে যেসব পরামর্শ এসেছে, এর মধ্যে যেগুলো আমাদের পক্ষে বাস্তবায়ন সম্ভব. তা আমরা বাস্তবায়ন করবো। আবার এমন অনেক বিষয় এসেছে, যা আমাদের এখতিয়ারভুক্ত নয়। এক্ষেত্রে হয়তো আমাদের কিছু করণীয় থাকবে না।’

/ইএইচএস/এমএ/ এপিএইচ/