নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কানাডার সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ফটো)কানাডায় থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার কানাডা সরকারের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত পিয়েরে লারামি সাক্ষাৎ করেন। তার সাক্ষাৎ শেষে  আইনমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।



কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি দীর্ঘদিন বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষে ভেনেজুয়েলায় বদলি হচ্ছেন। শিগগিরই তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। মূলত আইনমন্ত্রীর সঙ্গে এটি ছিল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ।

রাষ্ট্রদূত চলে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। আজ কানাডার রাষ্ট্রদূতের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে।’

এ সময় তিনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি আদেশ কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন।

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায়টি ৮শ’ পৃষ্ঠার। রায়টি আগে পড়বো। পড়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/