‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পাওয়ায় পুতুলকে মন্ত্রিপরিষদের অভিনন্দন

সায়মা ওয়াজেদ পুতুল (ফাইল ছবি)অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এ জন্য তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপত্তিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শফিউল আলম বলেন, ‘‘গত ২৫ জুলাই ‘প্রিন্সটন ক্লাব অব নিউইয়র্কে’ অনুষ্ঠিত নিউইয়র্কভিত্তিক শিশু অটিজম কেন্দ্র ও স্কুল সিমা কলাইনু এবং এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ‘আই কেয়ার ফর অটিজম’র বার্ষিক অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুলকে এ পুরস্কার দেওয়া হয়। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।’’

/এসআই/এসএনএইচ/