ওয়াসার ড্রেনেজ ডিভিশন সিটি করপোরেশনকে দেওয়া হোক: বাপা

জলবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনকে মূল দায়িত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা ওয়াসার ড্রেনেজ ডিভিশনের কারিগরি লোকবল ও বাজেটসহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে ‘বারংবার জলজটে জনদুর্ভোগ: প্রতিকারের উপায় কি?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বাপার সংবাদ সম্মেলনএকই সঙ্গে জলবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে এসবসহ ৫ দফা দাবি জানায় বাপা।

এতে বাংলাদেশ পরিব্শে আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও নগরায়ন-সুশাসন কর্মসূচির সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব মূল বক্তব্য রাখেন। জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবি তুলে স্থপতি ইকবাল হাবিব পানি নিষ্কাশনে মহাপরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ‘১৯৬২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা মহানগরীর ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে ৫ বার স্টাডি হয়েছে, অনেক পরিকল্পনা হয়েছে। তবে এসব বাস্তবায়ন করা হয়নি।’

সংবাদ সম্মেলনে, বাপা’র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, বাপা’র সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাপা’র যুগ্মসম্পাদক আলমগীর কবির ও হুমায়ন কবির সুমন উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/