আজ আরও দুটি হজ ফ্লাইট বাতিল

হজ ফ্লাইট, ফাইল ছবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৃস্পতিবার (১০ আগস্ট) আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনে তাদের ২১টি হজ ফ্লাইট বাতিল হলো। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বাতিল হয়েছে দুটি হজ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

হজ ফ্লাইটের পরিস্থিতি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদ। সেসময় পর্যন্ত ১৯টি হজ ফ্লাইট বাতিল হওয়ার কারণে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ হারিয়েছে বলেও জানান তিনি। হজ এজেন্সিগুলো হজ যাত্রীদের সৌদি আরবে বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যার তৈরির কারণে এ পরিস্থিতির কারণ হিসেবে উঠে আসে সংবাদ সম্মেলনে।

এর আগে ৮ আগস্ট হজ এজেন্সিগুলোকে দায়ী করে ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তার বেঁধে দেওয়া সময়ের আজ বৃহস্পতিবার শেষ দিন। ধর্মমন্ত্রী বলেছিলেন, ‘কিছু হজ এজেন্সি সময় মতো রিপোর্ট না করায় হজ ফ্লাইট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যেসব এজেন্সি বৃহস্পতিবারের (১০ আগস্ট) মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন করবেন না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।’

/সিএ/এসটি/