সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সিপিএ কাজ করে যাচ্ছে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ভুক্ত ৫২টি রাষ্ট্রকে সংসদীয় গণতন্ত্র চর্চার অনন্য প্রতিষ্ঠান উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিস্তারে সিপিএ কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার সিঙ্গাপুরের পার্লামেন্ট ভবনে সিঙ্গাপুর পার্লামেন্টের ডেপুটি স্পিকার লিম বো চুয়ানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন স্পিকার। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা বাংলাদেশে অনুষ্ঠেয় ৬৩তম সিপিএ সম্মেলন, সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চের কার্যক্রমসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থা,রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে সিপিএ কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ। এই তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।’

৬৩তম সিপিএ সম্মেলন আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্পিকার সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে  বলে সিঙ্গাপুরের ডেপুটি স্পিকারকে অবহিত করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের একটি প্রতিনিধিদলকে আসন্ন সিপিএ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সিঙ্গাপুরের ডেপুটি স্পিকার সিপিএ পরিচালনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলি  আয়োজনে  সক্ষমতা প্রমাণ করেছে।’ আসন্ন ৬৩তম সিপিএ সম্মেলন সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে স্পিকার সিঙ্গাপুর পার্লামেন্ট ভবন ঘুরে দেখেন।

সিপিএ সিঙ্গাপুর ব্র্যাঞ্চ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার বর্তমানে সিঙ্গাপুর সফরে রয়েছেন।

/ইএইচএস/ এপিএইচ/