স্পিকারের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামিজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামি বিদায়ী সাক্ষাৎ করেছেন। রবিবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

কানাডার হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয়ে স্পিকারে সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে বাংলাদেশের  সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পে বেশকিছু আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে এ খাতে বিদেশি ক্রেতারা অরও আকৃষ্ট হবেন। বাংলাদেশের রফতানি আয় আরও বাড়বে।’ এ সময় তিনি নারী উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের  প্রশংসা করেন।

সিপিএ চেয়ারপারসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করছে। বর্তমান সরকার দেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এতে দেশ-বিদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে।’

আসন্ন ৬৩তম সিপিএ সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে হাইকমিশনারকে জানিয়ে স্পিকার বলেন, ‘সিপিএ-এর কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে কানাডার পার্লামেন্ট সদস্যরা রয়েছেন।’ তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলনে কানাডার একটি বড় সংসদীয় দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।

/ইএইচএস/ এমএনএইচ/