সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি নিজেই বিতর্কের সূচনা করেছেন, সরকার নয়। এই বিতর্ক নিরসনে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াবার বিষয়টি ভাবতে পারেন, বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে ‘প্রধান বিচারপতি শিগগিরই দীর্ঘ ছুটিতে যাওয়ার খবরের সঙ্গে সরকারের কোনও যোগসূত্র আছে কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘বিচারপতিদের গ্রীষ্মকালীন অবকাশ একটি নিয়মিত বিষয়। সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’
রায়ের বিষয়ে মন্ত্রী গত বৃহস্পতিবারের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, ‘ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য রায় ও রায়ের পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আইনি প্রক্রিয়ার পদ্ধতি পর্যবেক্ষণ করছে সরকার।’
বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘শিশুদের তুলিতে জাতির পিতা ও তার পরিবারের যে ছবি ফুটে উঠেছে, তা তাদের ভালোবাসা থেকে উৎসারিত।’
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট এবং তাদের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজক সংগঠন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ দম্পাদক হাসান-উজ-জামান মনি, বরেণ্য শিল্পী সমরজিৎ রায় ও নিসার হোসেন এসময় শতাধিক শিশুর চিত্রাঙ্কন ঘুরে দেখেন ও শিশুদের হাতে অভিনন্দনপত্র ও মেডেল তুলে দেন।