সৌদি আরবে হজযাত্রায় পৌঁছাবার আনুষ্ঠানিকভাবে শেষ দিন আজ শনিবার (২৬ আগস্ট)। কিন্তু, ফ্লাইট সংকটের কারণে এখনও অনিশ্চয়তায় কয়েক হাজার হজযাত্রী। এ কারণে আজ দুপুর দুইটার দিকে হজ ক্যাম্পে সামনে বিক্ষোভ করেছেন তাদের অনেকেই।
আজারউদ্দিন নামের এক হজযাত্রী বলেন, আমরা চাই সরকার যে ভাবেই হোক আমাদের হজে যাওয়ার ব্যবস্থা করে দিক। এছাড়া, আমাদের কিছু চাওয়ার নেই।
ছদরউদ্দিন নামের আরেক হজযাত্রী বলেন, আমরা টাকা দিয়েছি, সরকারের নিয়ম মেনে নিবন্ধন করেছি। এখন কেন হজে যেতে পারবো না? সরকার যেন দ্রুত আমাদের হজে যাওয়ার ব্যবস্থা করে এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি।
সূত্র জানায়, অতিরিক্ত ফ্লাইট না পেলে প্রায় ৮শ’ ৯৮ জন যাত্রী নিতে পারবে না বিমান। অন্যদিকে, প্রায় ৮ হাজার হজযাত্রী নিতে পারবে না সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (২৬ আগস্ট ) সকাল ৮টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে।
হজ ফ্লাইট শুরু হয় ২৪ জুলাই। বাংলাদেশে থেকে হজযাত্রী পরিবহন করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি রাষ্ট্রায়ত্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে আজ ২৬ আগস্ট পর্যন্ত। সৌদি অ্যারাবিয়ান হজ ফ্লাইট পরিচালনা করবে ২৮ আগস্ট পর্যন্ত। এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন ভিসা পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে।
আজ রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ১৭৬টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। সব হজযাত্রী পরিবহনের জন্য বিমান সচেষ্ট। সব হজযাত্রী যেন পৌঁছাতে পারেন এজন্য অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবে আবেদন করা হয়েছে। আশা করছি রাত ৮টার মধ্যে অনুমোদনের পেতে পারি।
সূত্র জানায়, হজ ফ্লাইট শুরুর পর থেকে ভিসা জটিলতায় ও হজযাত্রীদের বাড়ি ভাড়াসংক্রান্ত কারণে বিমানের ২৪টি এবং সৌদি অ্যারাবিয়ার ৪টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। হজ এজেন্সিগুলো অধিক মুনাফার লোভে দেরিতে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করেছেন। নিয়ম অনুসারে, হজ যাত্রীদের ফ্লাইটের আগেই সৌদি আরবে বাড়ি ভাড়া করে ভাড়ার রশিদ ও বিমানের টিকিট নিশ্চিত করে হজ অফিস থেকে ডিও লেটার নিতে হয়।