বিচারপতি মানিক আদালত অবমাননা করেছেন: মির্জা ফখরুল


জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরাষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২৬ আগস্ট) ডিআরইউতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছিলেন, ‘প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করেন,সেটা তার অযোগ্যতা। এসব করে তিনি অনেকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,শপথ ভঙ্গ করেছেন। তার আর এই পদে থাকার কোনও অধিকার নেই। তাকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে।’
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে মন্তব্য করা সংবিধানের লঙ্ঘন। এ রায় নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তার বিচার হওয়া উচিত।’
তিনি বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী সাহেব কোন যোগ্যতায় বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন,তা আমার জানা নাই। তার বিচারপতি হওয়ার যোগ্যতার ব্যাপারটি দেশের জনগণ বিবেচনা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই,ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগের সবার সর্বসম্মতক্রমে একটি রায়। এই বিষয়ে যারা প্রশ্ন তুলেন তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেন। বিচার বিভাগের যে কর্তৃত্ব, জুডিশিয়ারির যে আলাদা ক্ষমতা,সেই ক্ষমতার ওপরে তারা প্রশ্ন তুলেন,তারা সংবিধান লঙ্ঘন করেন।’
প্রতিদিন আওয়ামী লীগের মন্ত্রী,এমপি,নেতাকর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা আদালতের বিরুদ্ধে এভাবে অশালীন বক্তব্য দিয়ে আদালতকে অসম্মান করছে বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন,‘কবি নজরুল ইসলাম তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন,অন্যায়ের প্রতিবাদ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লেখনীর মাধ্যমে তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে তিনি ব্রিটিশ শাসকদের চক্ষুশুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।’
এসময় উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন,মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।