রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক এবং নাসিমা ফেরদৌসী অংশগ্রহণ করেন।
বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে কমিটির সদস্য আতিউর রহমান আতিক বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন স্থানে কম বেশি লোডশেডিং রয়েছে। গ্রাম অঞ্চলে এর মাত্রাটা একটু বেশি। এছাড়া কোথাও কোথাও ওভারলোডও দেখা যায়। আমরা এই লোডশেডিংয়ের সমস্যাটি সমাধান করার সুপারিশ করেছি।
লাইন সহজীকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের লাইন টানার সময় অনেকের বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় বাধা আসে। এতে করে ওইসব লাইন টানা স্থগিত রাখা হয়। যার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুত সরবরাহ করা সম্ভব হয় না। আমরা এই বিষয়টি সমাধান করতে বলেছি। এক্ষেত্রে দরকার হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটি বৈঠকে দেশের বিদ্যুৎ প্ল্যান্টগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।