দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান





গণভবনে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশ চলমান অগ্রগতি অব্যাহত রাখতে হবে, যেন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি । এজন্যই আন্তরিকভাবে প্রত্যেকের কাজ করা উচিত, যেন দেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকে।’ ঈদুল আজহা উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা মানবকল্যাণের জন্য আত্মত্যাগের একটি মহান পদ্ধতি। যেকোনও মানবতার জন্য আত্মোৎসর্গে প্রস্তুত থাকা প্রত্যেক মানুষের কর্তব্য।’ তিনি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা এ সমৃদ্ধি ধরে রাখতে চাই। স্বাধীনতার যে মূল চেতনা, তা সমুন্নত রেখে বাংলাদেশকে আমি বিশ্বে মর্যদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, জাতি হিসেবেও আমরা বিশ্বের বুকে মর্যদার আসন নিয়ে বাস করতে চাই।’
দেশবাসী ও হজ যাত্রীদের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশ আমাদের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন অনুযায়ী এদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি এই সমৃদ্ধি অব্যাহত রাখবো ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’
পরে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন। সূত্র: বাসস