মঙ্গলবার ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ার পররাষ্টমন্ত্রীরোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার পররাষ্টমন্ত্রী রেতনো মারসুদি আগামীকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ঢাকা আসছেন। মঙ্গলবার দুপুরে মিয়ানমার থেকে তার ঢাকা আসার কথা রয়েছে।

মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

ঢাকায় তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, গত বছরের অক্টোবরের পরে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন শুরু হলে তিনি ডিসেম্বরে মিয়ানমার নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করে ঢাকায় এসেছিলেন।

ওই সূত্র জানায়, গতবারের বৈঠকেও আমরা আমাদের অবস্থান তার কাছে তুলে ধরেছিলাম। এবারেও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া যাতে ভূমিকা রাখে সে আহ্বান জানাবো।

ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। প্রথমত সমস্যা মিয়ানমারে শুরু হয়েছে এবং এর সমাধান তাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, রাখাইন রাজ্যে এমন পরিবেশ তৈরি করা যাতে রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ থেকে সব রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শক কমিটির সুপারিশের বাস্তবায়ন করা।