ওআইসি সম্মেলনে যোগ দিতে শনিবার কাজাকিস্তান যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদরাষ্ট্রপতি আবদুল হামিদ কাজাকস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বেন। আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এম আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে কাজাকিস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ওইদিন আস্তানার নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা। সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ‘ওআইসি এসটিআই এজেন্ড-২০২৬’ নিয়ে আলোচনা শেষে দশ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সফরকালে রাষ্ট্রপতি কাজাকিস্তান এবং সম্মেলনে যোগদানকারী অন্য সদস্যভুক্ত দেশের সমকক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। খবর: বাসস।