রোহিঙ্গাদের হত্যা করে মানবতাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে: শিল্পমন্ত্রী

রোহিঙ্গাদের যেভাবে হত্যা করা হচ্ছে তাতে মানবতাকে ভূলণ্ঠিত করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার নরসিংদী জেলার পলাশ উপজেলায় দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুআমির হোসেন আমু বলেন, ‘মিয়ানমারে একদিনের শিশুকেও হত্যা করা হচ্ছে। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশ যে মানবতার দৃষ্টান্ত রেখেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭১ সালে বাঙালিরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আশা সেই ঘটনাকে মনে করিয়ে দেয়। তাই তাদের পুনর্বাসন ও সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় অনেকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। তাদের খাদ্যও সরবরাহ করা হচ্ছে। তাদের পুনর্বাসনে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে এবং অনেকটা সফলও হয়েছি।’

শিল্পমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন। এখানে ফায়দা লোটার কোনও সুযোগ নেই।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘লন্ডনে বসে আপনাদের নেত্রী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনারাও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কল্যাণকর কিছু না করে এ ষড়যন্ত্রে লিপ্ত। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কাজেই অপপ্রচার করে কোনও লাভ নেই।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। অনেকের টাকা থাকলেও শিল্প উদ্যোক্তা হতে চান না। শিল্প উদ্যোগের মাধ্যমে কর্ম সংস্থান হয়। বঙ্গবন্ধু এমন শিল্পভিত্তিক বাংলাদেশই গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তাকে হত্যা করে তাঁর এ প্রচেষ্টাকে থামিয়ে দেওয়া হয়। ২১ বছর পর তার সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন তার কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের বিভিন্ন ভাতার মাধ্যমে প্রতি ইউনিয়নে ১২শ’ মানুষ উপকৃত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘দেশে শিক্ষিতের হার ৪৭ থেকে ৭১ শতাংশে উন্নীত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়নের ধারা সৃষ্টি হয়। মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি না হলে বঙ্গবন্ধু ও শহীদদের আত্মা শান্তি পাবে না। উন্নয়ন ব্যহত করতে শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এ ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এ ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে। পাকিস্তানের সেই অপশাসকরা এখনও বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপটির চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশারাফ খান, বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম প্রমুখ।