রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এম মোস্তাফিজুর রহমান, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক উপস্থিত ছিলেন।
নভোএয়ারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক জানান, বিশ্বের দুই শতাধিক এয়ারলাইন্সের প্রায় ১ হাজার ৫০০ এর বেশি এটিআর সারাবিশ্বে চলাচল করছে। এ ধরনের অত্যাধুনিক উড়োজাহাজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী। এটি পরিবেশবান্ধব ‘গ্রিন এয়ারক্রাফট’ হিসেবে চিহ্নিত। এটিআর জ্বালানি সাশ্রয়ী, আধুনিকতম ককপিট, প্রশস্ত আসন ও অতিরিক্ত ব্যাগেজ বহনে সক্ষম ও তুলনামূলকভাবে কম শব্দদুষন তৈরি করে।