ষোড়শ সংশোধনী প্রসঙ্গে সংসদে আইনমন্ত্রী: রিভিউয়ে সরকার পক্ষে রায় আসবে

জাতীয় সংসদের আইনমন্ত্রীষোড়শ সংশোধনী বাতিল করে আপিল রায়ের বিরুদ্ধে রিভিউয়ে সরকার পক্ষে রায় আসবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশা প্রকাশ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সম্পূরক প্রশ্নে ফখরুল ইমাম ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইনমন্ত্রীর সংসদে দেওয়া পূর্বের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘হাইকোর্টের রায়ে অকার্যকর সংসদ (ডিসফাংশনাল পার্লামেন্ট) বলা হয়েছিল। হাইকোর্টে যেদিন রায় হয়েছিল, সেদিন আপনি বলেছিলেন, ‘কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতবো।’ এ বিষয়ে শেষের অবস্থান কী জানতে চাই।’’

জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম- মামলার এক পক্ষ হিসেবে আমরা নিশ্চয়ই জিতবো। রায় দেওয়ার মালিক হচ্ছে আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা ইনশায়াল্লাহ কামিয়াব হবো।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১৪ সালে ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিলেও আপিল বিভাগের রায়ে তা বাতিল হয়ে যায়। পরে পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণের অংশে দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করা হয়।

ওই রায় এবং পর্যবেক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ প্রধান বিচারপতির সমালোচনা করেছেন। অন্যদিকে বিএনপি নেতারা স্বাগত জানিয়ে এ রায় ‘ঐতিহাসি ‘ বলে আখ্যায়িত করেছেন।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা বাংলাদেশের প্রথম সংবিধানে সংসদের হাতেই ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সময়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পরিবর্তন করে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। পরে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারক অপসারণের বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন।

ষোড়শ সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে ওই রায়ে বলা হয়, ওই সংশোধনীর আগে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা ছিল, তা পুনঃস্থাপিত হলো।

আরও পড়ুন: 
ষোড়শ সংশোধনী: নির্দেশনা পেলেই রিভিউ