বাংলাদেশ-জর্জিয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

জর্জিয়ার ডেপুটি ফরেইন মিনিস্টারের সঙ্গে পররাষ্ট্র সচিব মো. শহীদুল ইসলামের চুক্তি স্বাক্ষর

মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে জর্জিয়ার সঙ্গে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার ডেভিড জালাগানিয়ার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের জন্য দু’দেশ একটি চুক্তি স্বাক্ষর করে।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘আমরা মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি এবং এ ধরনের বৈঠক আরও হবে।অন্যান্য ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ’

বৈঠকে কী নিয়ে আলোচনা হলো জানতে চাইলে তিনি বলেন,‘এটি মূলত প্রথম বৈঠক। এখানে বিনিয়োগ ও বাণিজ্য কিভাবে বাড়ানো যায় তা এবং কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি।’

জর্জিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার ডেভিড জালাগানিয়া বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) বিজিএমইএ এবং একটি তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেছি।’

তিনি বলেন, ‘আজকে (১২ সেপ্টেম্বর) আমরা এফবিসিসিআই পরিদর্শন করে দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাঠামো তৈরি করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি।’

ডেভিড জালাগানিয়া বলেন, ‘আমরা খাতওয়ারি সহযোগিতা যেমন- শিক্ষা, পর্যটন, জ্বালানি, বাণিজ্য ও পরিবহন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।’