স্বাধীন আরাকানই চলমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক মহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমার সরকার প্রকাশ্যে মুসলিম নিধন অব্যাহত রাখায় আরাকানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করে নিরাপদ জোন গড়ে তুলতে হবে। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাহসী পদক্ষেপ নিতে হবে।’
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘উগ্র বর্মীয় সেনাবাহিনী, অং সান সু চি এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত জাতিগত হত্যা-নির্যাতন বন্ধে জাতিসংঘ,ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থা ও মুসলিম বিশ্বকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’
সমাবেশ শেষে এক মিছিল পল্টন মোড় হয়ে উত্তর গেইটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রশীদ মজুমদার, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা ফজলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।
ছবি:সাজ্জাদ হোসেন