রোহিঙ্গা ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেওয়া হবে: ওবায়দুল কাদের

কক্সবাজারে ওবায়দুল কাদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১২টি অস্থায়ী ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে রবিবার ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মিয়ানমার রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বিতাড়িত করেছে। রোহিঙ্গারা সেখান থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী হিসেবে তাদের আশ্রয় দিয়েছেন। এতে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে’।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা স্বদেশে না ফেরা পর্যন্ত তাদের আশ্রয়ে দেওয়া হবে। মিয়ানমারের একজন মন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। আশা করা হচ্ছে মিয়ানমার তাদের নাগরিকদের সম্মান দিয়ে দেশে ফিরিয়ে নেবে।’

রোহিঙ্গা ইস্যুতে ভারত যেভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে,একইভাবে চীন এবং রাশিয়াও বাংলাদেশে পাশে থাকবে তিনি আশা প্রকাশ করেন।

এসময়ে মন্ত্রীর সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ। খবর বাসস।

আরও পড়ুন: মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ফেরতসহ দুই ইস্যু