সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ (ছবি-আইএসপিআর)সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল লিসা এম. বোটেনহেমের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) ঢাকা সেনানিবাসের সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন, জাতিসংঘ সদর দফতরের উপ-সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হাগ ভেন রোসেন এবং সদর দফতরের স্ট্র্যাটিজিক ফোর্স জেনারেশন অ্যান্ড ক্যাপাবিলিটি প্ল্যানিং সেলের প্রধান এডাম স্মিথ।সাক্ষাতকালে তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ও এর কার্যক্রম, প্রশিক্ষণ এবং পেশাদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন বলে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

 

 প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। এছাড়া, প্রতিনিধি দলটি নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে। তারা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধি দলটি ইউএস পিসকিপিং মিনিস্ট্রিয়াল মিটিং-২০১৭ এর প্রস্তুতি সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছায়।

খবর বাসস।