প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার তৎপর হয়েছে: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, ফাইল ছবিআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তৎপর হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় অংশ নিতে রাজধানীর সামরিক জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি। এসময় তিনি এ কথা বলেন। গণসংবর্ধনায় কেন্দ্রীয় ১৪ দল ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরিয়ি নিতে তৎপর হয়েছে। মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলতে বাধ্য হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মায়ের মমতা, বোনের ভালোবাসা নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি ৫ দফা প্রস্তাব দেওয়ায় আজ বিশ্ব নেতৃত্বও এগিয়ে এসেছে। শান্তি ও উন্নয়নের জন্য তিনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ অর্থাৎ ‘মানবতার মা’ খ্যাতি অর্জন করেছেন।’

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন। তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব নেতৃত্বের কাছে প্রশংসিত হয়েছেন। আমরা আশা করি এর প্রতিদানে জনগণ আগামীতে ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় আনতে।’ খবর বাসস।