এমপি রানার জামিন স্থগিতই থাকছে

অভিযুক্ত সংসদ সদস্য আমানুর রহমান রানা (ফাইল ছবি)আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জামিন দেননি আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করে এ আদেশ দেন।

গত ১৫ অক্টোবর একই বেঞ্চ জামিন স্থগিতের আদেশ বহাল রেখে জামিন আবেদনের শুনানির জন্য আজকের (১৯ অক্টোবর) তারিখ ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত রাখেন আপিল বিভাগ।

আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন মাসুদ হাসান চৌধুরী পরাগ।

গত ২৩ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ জামিন শুনানির জন্য ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছিলেন।

গত ১৩ এপ্রিল ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খানের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ সময় কেন আমানুর রহমান খানকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছিলেন আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করে রাষ্ট্রপক্ষ।

জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যাকাণ্ডের মামলায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করেন রানা। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ ১৪ জনকে আসামি করে গত ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৬ এপ্রিল আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

এর মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে চলতি বছরের ১৬ জানুয়ারি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:
খালেদা জিয়ার জামিন মঞ্জুর