‘সংবিধান না মানলে সবই করা যায়’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন (ছবি- নাসিরুল ইসলাম)‘এখন রাজনীতির বিচার হচ্ছে না। এখন হচ্ছে বিচারের বিচার। আমরা যদি সাংবিধানকে বিশ্বাস করি, তাহলে বিচারের বিচার করা যায় না। সংবিধান না মানলে সবই করা যায়। সংবিধানে তো সবই আছে— বিচারপতির বিরুদ্ধে কিভাবে বিচার করতে হবে, সেটাও আছে। ফলে, এখান থেকে জুডিশিয়ালকে আলাদা করার সুযোগ নেই।’
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে শুরু হওয়া ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
বৈঠকিতে তিনি বলেন, ‘‘এখন যে ঘটনা ঘটছে, এমন ঘটনা এরশাদ সর্বপ্রথম ঘটিয়েছিলেন। কামাল উদ্দিন যখন বিচার করছেন, তখন একজন একটি পত্রিকার খবর দেখিয়ে বললেন, স্যার আপনার তো বিচার নেই। তখন তিনি সেখান থেকে চলে এলেন। আইনজীবীদের বললেন, ‘আমি বিচার বিভাগে না থাকি, বিচার বিভাগ থাকবে।’ এ নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। এই ঘটনার সূত্রপাত যে এরশাদ সরকারের আমলে, সেই এরশাদ সরকার ছিল স্বৈরাচারী।’’
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘বিচার বিভাগ কোনও ব্যক্তিগত ইস্যু নয়। আমার বিরুদ্ধে কোনও অন্যায় হলে আমি যাব কোথায়? আদালতেই তো যেতে হবে। তবে হ্যাঁ, জনগণই সুপ্রিম। সর্বময় ক্ষমতার অধিকার কেবল জনগণের।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন সাংবাদিক স্বদেশ রায়, ব্যারিস্টার রুমীন ফারহানা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে এই বৈঠকি।
আরও পড়ুন-

অনেক ড্রামা সামনে অপেক্ষা করছে: হারুন উর রশীদ

‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু