নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত, কমবে বৃষ্টিপাত

আবহাওয়া অধিদফতর ভবনপশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। লঘুচাপটি আজ রবিবার ( ২২ অক্টোবর) সকাল ৯টায় সিলেট অঞ্চল ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। দু’-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে লঘুচাপে পরিণত হবে। সকাল ৯টায় সিলেট ও আশপাশের এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন:

 আজ আকাশে মেঘ থাকলেও তাপমাত্রা বাড়বে, নৌ চলাচল স্বাভাবিক