মওদুদের বিরুদ্ধে নাশকতার সাত মামলা হাইকোর্টে স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাশকতার ৭ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ অক্টোবর) বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও  বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে ব্যরিস্টার মওদুদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আব্দুলাহ আল  মাহমুদ ও ব্যারিস্টার সৈয়দ তাজরুল হোসাইন। 

পরে আইনজীবী তাজরুল হোসাইন সাংবাদিকদের বলেন, বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৩ সালের ২ মার্চ পল্টন থানায় চারটি, রমনা থানায় দুটি  এবং একই সালের ৪ মার্চ শাহজাহানপুর থানায় একটিসহ মোট সাতটি মামলা দায়ের হয়।

মামলাটি বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন। সম্প্রতি এ মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এরপর এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করলে আদালত আজ শুনানি নিয়ে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, মওদুদ আহমদের সাতটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও তিনি জানান।