রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা অপেক্ষা করেন। কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রীর পাঁচটি পয়েন্টস এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মিয়ানমার।’
মিয়ানমার থেকে ঢাকায় ফিরে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একই দিনে দুদেশের মন্ত্রী পর্যায়ে অন্য একটি বৈঠকের পর মিয়ানমার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মো. অপু জানান, রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। কফি আনান কমিশন বাস্তবায়নসহ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে প্রতিনিধিদল নিয়ে মিয়ানমার যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওইদিন নেপিদো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সেদেশের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেন। এরপর বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত মিয়ানমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দুই দেশের ‘সিকিউরিটি অ্যান্ড ল ইনফোর্সমেন্ট’ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী পর্যায়ে বৈঠকে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপন সংক্রান্ত এবং অন্যটি সিকিউরিটি কো-অপারেশন অ্যান্ড ডায়ালগ বিষয়ে।