যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (২৯ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন তিনি।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন শনিবার রাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচহিররি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চোভের চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ অক্টোবর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। সূত্র: বাসস।