উৎপলকে খুঁজে বের করতে না পারলে আন্দোলনের হুঁশিয়ারি

23115108_1631469926874731_553364686_nসাংবাদিক উৎপল দাসকে খুঁজে বের করতে না পারলে দেশব্যাপী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে সাংবাদিকরা এ হুঁশিয়ারি দেন।

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘উৎপলকে জীবিত ও অক্ষত অবস্থায় ফেরত চাই। ফেরত না পেলে বড় পরিসরে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাবো। আমরা আগামী দু-একদিনের মধ্যে সব সংগঠন বসে সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সারাদেশের সাংবাদিকদের নিয়ে রাজপথে নামবো।’ উৎপলকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। 

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস তার ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, উৎপলের মায়ের অবস্থা খুবই খারাপ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজানাহান মিয়া, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ সাংবাদিক নেতারা। সমাবেশে উৎপলের দুই বোন ও ভাগনা উপস্থিত ছিল।