‘সঠিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ’

সিপিএরাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিএ স্মল ব্রাঞ্চ চেয়ারপার্সন ও মাল্টা সংসদের স্পিকার এঞ্জেলো ফারুগিয়া। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে স্মল ব্রাঞ্চের সঙ্গে সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সিপিএ সম্মেলনের দ্বিতীয় দিনে স্মল ব্রাঞ্চভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরমধ্যে তিনটি ইস্যু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ছিল। তা হলো- জলবায়ু পরিবর্তন, রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশ গ্রহণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমাজের মূল স্রোতে আনা।

প্রসঙ্গত, সিপিএ অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে যাদের জনসংখ্য ৫ লাখের নিচে তাদেরকে সিপিএ’র স্মল ব্রাঞ্চ’ হিসেবে গণ্য করা হয়। বর্তমানে সিপিএভুক্ত ৬৩টি দেশের ১৮০টি ব্রাঞ্চের মধ্যে ৪৩টি স্মল ব্রাঞ্চের অর্ন্তগত।

সেমিনার স্মল ব্রাঞ্চ চেয়ারপার্সন এঞ্জেলো বলেন, স্মল ব্রাঞ্চের দেশগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি নিরুৎসাহিত হচ্ছে। তাদেরকে আমরা রাজনীতিতে অংশ নেওয়া নিশ্চিত করতে পারছি না।

তিনি মনে করেন, তরুণ প্রজন্ম রাজনীতিতে আসলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভৌগলিকভাবে জীবন যাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে। জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সেসব বিষয়ে আলোচনা হয়েছে।