৩ নভেম্বরকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণার আহ্বান জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শুক্রবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি চার নেতার একটি ছবিও পোস্ট করেন।
সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসসোহেল তাজ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান- ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুথান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। নতুন প্রজন্ম যাতে জানতে পারে যে জাতির জনক বঙ্গবন্ধু তার সঙ্গে রেখেছিলেন যোগ্য ব্যক্তিদের। যারা তাদের দক্ষতা, যোগ্যতা আর দেশপ্রেম দিয়ে অর্জন করেছিলেন বঙ্গবন্ধু এবং এ জাতির আস্থা। তাই ৩ নভেম্বরকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। তারা হলেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের সদস্য এম মনসুর আলী ও এইচএম কামরুজ্জামান। তারা বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ট ছিলেন।