পুলিশ প্লাজায় অপহৃত শিশু তেজগাঁও থেকে উদ্ধার

অপহরণরাজধানীর গুলশানের পুলিশ প্লাজা থেকে অপহৃত শিশুকে তেজগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় অপহরণকারী রুবেলকে আটক করেছে পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্লাজা শপিং মল হতে ওই শিশুটিকে অপহরণ করে রুবেল নামে একজন। পরে শিশুটির বাবা মুজিবুর রহমানের কাছে ১০ লাখ টাকা দাবি করে সে। শিশুর বাবা থানায় অভিযোগ করেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩টার দিকে তিব্বত ফ্লাইওভার তেজগাঁও শিল্প অঞ্চল থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী রুবেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। রাতেই ডিবি পুলিশ গুলশান থানায় অপহরণকারী ও শিশুটিকে হস্তান্তর করে। রুবেল বর্তমানে পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপহরণ হওয়া শিশুটির নাম ঠিকানা জানা যায়নি।