বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট: ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পেলো রাষ্ট্রপক্ষ

সুপ্রিম কোর্টবিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। রবিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত মামলায় সময় আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আদালত গেজেট প্রকাশে  ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে বিষয়টি মুলতবি করেছিলেন। রবিবার শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ চার সপ্তাহের সময় আবেদন করে।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

গত বছরের ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ। যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। গত ১৬ জুলাই প্রধানবিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত গেজেট শিগগিরই প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে ২৭ জুলাই বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।