নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ

মুবাশ্বার হাসান সিজার, ছবি: ফেসবুক থেকে সংগৃহীতবেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিজারের বাবা মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দক্ষিণ বনশ্রীর বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টায় আমার ছেলে বের হয়। বিকাল ৩টায় তার মোবাইলে ফোন দেই। তখন সিজার ধরতে পারেনি। ঘণ্টাখানেক পর বিকাল ৪টার দিকে সে ফোন করে বলে, জাতিসংঘের একটি বৈঠকে যাচ্ছে। রাতে ফিরবে। রাত ৯টা বেজে যাওয়ার পর ছেলে বাসায় না ফিরলে ফোন দেই। তখন থেকেই তার মোবাইল বন্ধ পাই।’

মুবাশ্বার হাসান সিজারের চাচার দেওয়া স্ট্যাটাস

ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন মোতাহার হোসেন। এর নম্বর ৪৭১।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

মুবাশ্বার হাসান সিজারের নিখোঁজ হওয়ার খবরটি তার চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন সিজার। একসময় সাংবাদিকতাও করেছেন। পরে যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন তিনি।