বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ্য করছি সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন বারবার আদালত প্রাঙ্গণে পদচারণা করছেন। যা অতীতে কখনও দেখিনি। আমরা আইনজীবী সমিতি অত্যন্ত উদ্বিগ্ন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।’
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা অতীতে অনেকবার বলেছি, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সব সময় রাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখতে চাই। এই সমিতি দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সবসময় ভূমিকা রাখছে। সম্প্রতি আমাদের বিবৃতিতে তা প্রকাশ হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনগণের টাকায় বেতনভুক্ত সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে দেশের সংবিধান, আইনের শাসন, বিচার বিভাগ এবং জনগণের আইনগত অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আজ পত্রিকায় দেখলাম, তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে একটি রাজনৈতিক দল পরিচালিত করছে।’ যদিও তিনি দলের নাম উল্লেখ করেননি। এই ধরনের সংবাদ সম্মেলন বাংলাদেশ আইনজীবী সমিতি আয়োজন করেনি। কাজেই এই বক্তব্য ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
জয়নুল আবেদীন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একের পর এক বিচার বিভাগকে ধ্বংসের লক্ষ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন:
অনিশ্চয়তায় দিন কাটছে লংগদুর অগ্নিদুর্গতদের