এগিয়ে চলছে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ

PARBOTTO20160507134535ঢাকার বেইলি রোডে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বুধবার (৮ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং পার্বত্য ঐতিহ্যমণ্ডিত এই প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জুলফিকার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০১৬ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সটির ভিত্তিফলক উন্মোচন করেন। ২০১৮ সালের জুন মাসের মধ্যে ১ দশমিক ৯৪ একর জমির ওপর এ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
‘পার্বত্য কমপ্লেক্স’ শীর্ষক প্রকল্পটি সরকারের মধ্যমেয়াদি বাজেটের অন্তর্ভুক্ত। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদিত হয় এটি। এখানে একটি মাল্টিপারপাস হল, ডরমেটোরি, প্রশাসনিক ভবন, মিউজিয়াম, লাইব্রেরি ইত্যাদি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের বাসভবন তৈরি করা হবে।
পার্বত্য চট্টগ্রামের মানুষের সঙ্গে সমতলের মানুষের পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদান সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে কমপ্লেক্সটি অগ্রণী ভূমিকা পালন করবে, এমন আশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর।

স্থাপনাটি পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক রীতি-নীতি, ভাষা, ধর্ম ও স্বতন্ত্র আচরণের দিক দিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে পরিচিত করে তুলবে বলে মনে করেন বীর বাহাদুর উশৈ সিং। তার মন্তব্য, কমপ্লেক্সটি পর্যটকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা হিসেবেও বিবেচিত হবে।