রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদে রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকায় সফররত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং বৃহত্তর ম্যানচেস্টার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান লাকি মারিয়া পাওয়েলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল বুধবার (০৮ নভেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ব্রিটিশ প্রতিনিধিদলপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা জনগণের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারকে উৎসাহিত করতে অনুরোধ জানান এবং আগামী ১৩ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার ইস্যুতে তৃতীয় কমিটির প্রস্তাবের প্রতি সমর্থনদানের আহ্বান জানান।

ব্রিটিশ প্রতিনিধিদলটি বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে এ বিষয়ে সমস্যা সমাধানে তাদের সরকার, হাউস অব কমনস সবধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেয়। পাশাপাশি বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, ২০১৮ সালের প্রথম দিকে লন্ডনে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ শীর্ষ সম্মেলন, ব্রেক্সিট ইস্যু এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশের উল্লেখযোগ্য ভূমিকার বিষয় নিয়েও আলোচনা হয়।

খবর: বাসস।