শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ফাইল ছবিবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যত কথা বলুক না কেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে না আসলে তাদের করুণ অবস্থা হবে।’

আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ লাইন থেকে ৩১৭টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। অর্থনৈতিকভাবে আমরা অন্যান্য যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। আজকে গ্রামগুলোর রাস্তা পাকা ও ঘরে-ঘরে বিদ্যুৎ রয়েছে। মানুষের হাতে-হাতে মোবাইল ফোন। মানুষের জীবনমান উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে ব্যাপক কাজ হচ্ছে। ভোলা-বরিশাল সেতু নির্মাণেরও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এছাড়া সদরের বাংলাবাজার এলাকায় ২০০ শয্যার আজাহার-ফাতেমা খানম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হবে।’

যেসব বসতবাড়িতে এখনও বিদ্যুৎ সংযোগ যায়নি শিগগিরই সেগুলোতে সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খবর বাসস।