ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, ‘২০১৮ সালে সৌদি আরবের নির্ধারিত কোটায় বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৫৮ জন। এরমধ্যে বেসরকারি কোটায় যেতে পারবেন এক লাখ ১৭ হাজার ১৫৮ জন। বাকি ১০ হাজার সরকারি কোটায় যেতে পারবেন। এরমধ্যে বেসরকারি কোটা পূর্ণ হয়ে আরও ৬৩ হাজার ১১৩ জন বেশি নিবন্ধিত হয়েছেন। যারা নিবন্ধনের ক্রমানুসারে ২০১৯ সালে হজে যেতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রাক-নিবন্ধন চলবে। গত বছর সরকারি কোটায় ১০ হাজার যাত্রী হজে যাওয়ার কথা থাকলেও কোটা পূরণ না হওয়ায় সেটা বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছিল।’ গত বছর সরকারি কোটায় হজে যান চার হাজার ২০০ জন। তবে এবার সরকারি কোটাও পূরণ হয়ে যাবে বলে মনে করেন এই কর্মকর্তা।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাক-নিবন্ধনের সময় শেষ হওয়ার পর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত কোনও হজযাত্রী এবার সরকারি কোটায় যেতে পারবেন না। কোটা পূরণ না হলেও গতবারের মতো এবার সরকারি কোটা বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে কম-সংখ্যক হজযাত্রী পাঠানো হবে। ২০১৮ সালের হজের ক্ষেত্রে ৩৫ শতাংশ হজ ফ্লাইট বাংলাদেশ থেকে সরাসরি মদিনায় পরিচালনা করার চিন্তাভাবনা চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাঁদ দেখা সাপেক্ষে ২০১৮ সালের ২০ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাক-নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর সৌদি আরবের সঙ্গে হজচুক্তি ও মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদনের পর প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শুরু হবে। এর আগে হজ নীতিমালা হালনাগাদ ও আগামী ১৪ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হজচুক্তি হবে বাংলাদেশের।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘কেউ যদি ২০১৮ সালেই হজে যেতে চান, তাহলে বেসরকারি ব্যবস্থাপনায় করা প্রাক-নিবন্ধন বাতিল করে সরকারি কোটায় আবার প্রাক-নিবন্ধন করতে হবে। সেটা করলেও দ্রুত করতে হবে। কারণ এবার সরকারি কোটা খালি থাকার সম্ভাবনা খুবই কম।’ ৩১ ডিসেম্বর সময়ের আগেই প্রাক-নিবন্ধন শেষ হয়ে যাবে বলে তিনি মনে করেন।