‘দেশে চাল-ডালের দাম বাড়লেও শিক্ষার দাম বাড়ে না’

সৈয়দ আবুল মকসুদবাংলাদেশে চাল-ডালের দাম বাড়লেও শিক্ষার দাম বাড়ে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের একটি সংগঠনের মানববন্ধনে তিনি এই কথা বলেন। আবুল মকসুদ বলেন, ‘বাংলাদেশে সবকিছু নিয়ে বাড়াবাড়ি হয়।চাল-ডালের দাম বাড়ে, কিন্তু শিক্ষার দাম বাড়ে না।’

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ক্যাবের সভাপতি ড. গোলাম রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ। 

মানববন্ধনে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ এখন হুমকিতে আছে। দ্রুত এ সমস্যা থেকে মানুষকে বের করে আনতে হবে।’

বক্তারা বলেন, অযাচিত ও অযৌক্তিকভাবে সম্প্রতি ৩-১০ গুণ গৃহকর বাড়িয়েছে দুই সিটি করপোরেশন। ফলে কর নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এছাড়া চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নানা অজুহাতে বাড়ানো হচ্ছে।

মানববন্ধনে জ্বালানি ও বিদ্যুতের দাম কমানোসহ চার দফা দাবি উত্থাপন করা হয়। অন্য দাবিগুলো হলো- অযৌক্তিক ও অযাচিত গৃহকর বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা, বাড়িভাড়া যৌক্তিক করতে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন’ গঠন করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন-কানুন, বিধি-বিধান ও নীতিমালার সংস্কার করা।

আরও পড়ুন:
চার তলা ভবনে বসবে উপজেলার হাটবাজার