সাবেক রাষ্ট্রপতি মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। আশা করি, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে।’
এসময় সেখানে জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমরসহ অনেকে উপস্থিত ছিলেন।