৭ মার্চের ভাষণ শোষিত মানুষের অধিকার আদায়ের দর্শন: খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিসহ সারাবিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দর্শন। বিশ্বের সব নিপীড়িত মানুষের অবলম্বন এবং অনুপ্রেরণা।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি বাক্য এ দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ উপলক্ষে শনিবার ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জামাল পাশা প্রমুখ।

এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জনতা ব্যাংক মোড় হয়ে সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে দিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে শেষ হয়।

পরে কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খবর: বাসস।