বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা জামায়াতসহ অন্যান্য সকল মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করেছে। তারা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে সবকিছুই পরিবর্তন করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত দেশের উন্নয়ন থামিয়ে দেবে। দেশের চার মূলনীতি আর থাকবে না। জঙ্গিবাদ ও ধর্মান্ধদের সুদিন ফিরে আসবে। আমরা কখনও এ সব বরদাশত করব না। জাতি তা বহন করবে না।’ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থায়ী শান্তির প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও মানবতাবিরোধীদের রক্ষা করাই বিএনপির বিরামহীন কর্মকাণ্ড।’ তিনি বলেন, ‘নির্বাচন তাদের এজেন্ডা নয়। তারা জঙ্গিবাদ, ধর্মান্ধ ও মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে চায়।’ তিনি এসব নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আশা করি, সংসদের বাইরের দলগুলোর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমতা বজায় থাকবে।’
অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মাঝে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টং অ্যাওয়ার্ড’ তুলে দেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূত্র: বাসস