হাইস্কুলের ধর্ম শিক্ষকদের মতো মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশ

হাইকোর্টহাইস্কুলের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষকদের মতো মাদ্রাসার সহকারী মৌলভিদের বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও মহিউদ্দিন মহিম।

মামলার বিবরণী থেকে জানা যায়, হাইস্কুলের ধর্ম বিষয়ে (কামিল পাস) সহকারী শিক্ষকরা বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান ৮-১১ হাজার ১৫০ টাকা। আর মাদ্রাসার সহকারী মৌলভি (কামিল পাস) পান  ৬৪০৫-৯৩০৫ টাকা।

একই শিক্ষা এবং বোর্ডের সমমান থাকার পরেও ১৯৯৫ সাল থেকে এই বেতনের ক্ষেত্রে বৈষম্য। বৈষম্য নিরসন চেয়ে ২০১৫ সালে রাজবাড়ীর মাওলানা রফিকুল ইসলামসহ ৭৯ জন রিট করেন। ওই রিটের শুনানি করে আদালত ওই বছরই কেন এই বৈষম্য দূর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

রায়ের পর এবিএম নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ রিটের বিবাদী করা হয়েছিল। সারাদেশে এরকম প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছেন।