নজরুল ইনস্টিটিউট বিলের শিরোনামে আংশিক সংযোজনের সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠকজাতীয় সংসদে উত্থাপিত ‘নজরুল ইনস্টিটিউট বিল‘ এর শিরোনামে আংশিক সংযোজনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এক্ষেত্রে বিলের শিরোনামের শুরুতে‘কবি‘ শব্দটি যুক্ত করে ‘কবি নজরুল ইনস্টিটিউট বিল‘ নামকরণের সুপারিশ করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। শিরোনাম ছাড়াও বিলটিতে আরও কিছু সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)-এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ এবং পিনু খান অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি প্রত্নতত্ত্ব অধিদফতরের আয়ের একটি অংশ সংস্থাটির নিজস্ব উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করার জন্য অর্থ ব্যয়ের খসড়া তৈরি করে, অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।

এছাড়া, বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে‘ যুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।