নবীর শিক্ষা অনুসরণ করলে শান্তি ও সমৃদ্ধি আসবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে হযরত মোহাম্মদের (সা.) শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সমৃদ্ধি নিহিত রয়েছে। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত হতে পারে।’

প্রধানমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে (সা.) এ পৃথিবীতে পাঠিয়েছিলেন। রাহমাতুল্লিল আ’লামিন তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে।’

পৃথিবীতে মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মহানবী (সা.) অন্ধকার যুগের সব আঁধার দূর করে সত্যের আলো জ্বালিয়েছেন। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী পবিত্র এই দিনে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন। খবর বাসস।