কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় রাজধানীর মোট আটটি কলেজের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে দুদক। স্কুলগুলোর মধ্যে বেসরকারি চারটি ও সরকারি চারটি স্কুল রয়েছে।আর এ বাণিজ্যের শীর্ষে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। অনুসন্ধান করে পাওয়া এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য সোমবার চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবার চিঠিটি স্বাক্ষর হয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।
দুদকের পাঠানো চিঠি ও সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,ঢাকা মহানগরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ অনুসন্ধান চালিয়ে দেখা গেছে কোচিং বাণিজ্যে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ওতোপ্রোতভাবে জড়িত। এরমধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা শীর্ষে রয়েছেন। এ কলেজের ৩৬ জন শিক্ষক কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত। দ্বিতীয় অবস্থানে রয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজের ২৪জন শিক্ষক কোচিং বাণিজ্যে সম্পৃক্ত।
দুদকের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, এই শিক্ষকেরা অনৈতিক ও অবৈধ কার্যক্রম কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ১৯৮৫ এর অধীনে অসদাচরণ করেছেন গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
চিঠিতে উল্লেখিত বেসরকারি স্কুলগুলোর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ জন, রাজউক স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষক রয়েছেন। আর সরকারি চারটি স্কুলের মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন,ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৮ জন,মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৪ জন এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষক রয়েছেন।
দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ আছে, ঢাকা মহানগরের স্কুল-কলেজের কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ে পত্রিকায় প্রকাশিত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম চালায় দুর্নীতি দমন কমিশন। ৬ সদস্য বিশিষ্ট এই অনুসন্ধানী দল কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের এই তালিকা দিয়েছেন।
সেখানে বলা আছে,৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা যথাক্রমে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ এর ৭২ জন শিক্ষকের বিরুদ্ধে “শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২” অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের মোট ২৫ জন শিক্ষকদের এ অনৈতিক ও অবৈধ কার্যক্রম কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা’ ১৯৮৫ এর অধীনে অসদাচরণ হিসেবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে উল্লেখ আছে।