দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুদকের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৯ কর্মকর্তার একটি কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত কর্মকর্তারা আলাদা আলাদা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
তারা জানান, প্রথমদিন ৯ জন কর্মকর্তা সম্মিলিতভাবে জিজ্ঞাসাবাদ করলেও আজকে মামলা অনুসারে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরই মধ্যে ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের ১০ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
প্রসঙ্গত, বেসিক ব্যাংকের জালিয়াতিতে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেসিক ব্যাংকের তিনটি শাখায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির বিষয় ধরা পড়ে। এর মধ্যে গুলশান শাখায় এক হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখার ৩৮৭ কোটি টাকা, প্রধান শাখায় প্রায় ২৪৮ কোটি টাকা ও দিলকুশা শাখায় ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ শনাক্ত করা হয়। এছাড়া বেসিক ব্যাংকের নিজেদের তদন্তে আরও এক হাজার কোটি টাকার জালিয়াতি প্রকাশ পায়। বেসিক ব্যাংকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ৫৬টি মামলা করেছে দুদক।